স্প্যানিশ ফুটবল ও বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল ক্লাব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে—এমন প্রশ্নের জবাবে ইয়ামাল কোনো দ্বিধা ছাড়াই ভিনিসিয়ুসের নাম উল্লেখ করেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপে’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, চলমান বিশ্বমঞ্চে বিশ্বসেরা তারকাদের মধ্যে ভিনিসিয়ুসের পারফরম্যান্স তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে এবং তিনি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা দারুণ উপভোগ করছেন।
বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের চোট ও দলের ওপর আসা সমালোচনা নিয়েও খোলামেলা কথা বলেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে চোট কাটিয়ে মাঠে ফেরার স্বস্তি প্রকাশ করে ১৮ বছর বয়সী এই উইঙ্গার জানান, তিনি এখন পুরোপুরি ফিট এবং অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলতেই মুখিয়ে আছেন। স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচকদের জবাব দিয়ে তিনি বেশ বাস্তববাদী এক মন্তব্য করেন। ইয়ামালের মতে, ইউরো চ্যাম্পিয়নশিপের মতো সুন্দর ফুটবল খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার চেয়ে মাঠের খেলা যেমনই হোক না কেন, ম্যাচ জিতে পরের রাউন্ডে পা রাখাটাই আসল সাফল্য।
জাতীয় দলের প্রধান তারকা হিসেবে তার ওপর থাকা পাহাড়সম চাপ এবং গ্যালারিতে প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি দেওয়া প্রসঙ্গেও বেশ পরিপক্বতার পরিচয় দেন ইয়ামাল। তিনি স্পষ্ট জানান, দলের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা তার আছে বলেই ভক্তরা তাকে নিয়ে বেশি রোমাঞ্চিত হন এবং এই প্রত্যাশার চাপ তিনি উপভোগ করেন। আর দর্শকদের দুয়ো দেওয়া প্রসঙ্গে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ টেনে তিনি বলেন, ক্যারিয়ারজুড়ে বিশ্বসেরাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই ফুটবল মাঠের এই আচরণ তাকে একদমই দমাতে পারবে না। নিজের আত্মবিশ্বাস ফুটিয়ে তুলে ইয়ামাল জোর দিয়ে বলেন, যেকোনো টুর্নামেন্টে নামার আগে তিনি ট্রফি জয়ের স্বপ্ন দেখেন এবং এবারও স্পেনকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন বলেই তার বিশ্বাস।







