গোল করে অভিনব উদ্‌যাপনে আলোচনায় নেইমার

ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের দুই গোলই করেছেন নেইমার। তবে জোড়া গোলের পাশাপাশি প্রথম গোলের পর তার অভিনব উদ্‌যাপনও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ম্যাচের ৩৬তম মিনিটে গোল করে দর্শকদের দিকে তাকিয়ে তাস চাল দেওয়ার ভঙ্গিতে উদ্‌যাপন করেন নেইমার। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে যে সমালোচনার মুখে পড়েছিলেন, সেই বিতর্কের জবাব হিসেবেই এই উদ্‌যাপন করেছেন বলে মনে করছেন অনেকেই।

কয়েকদিন আগে কোপা সুদামেরিকানার প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোস যখন ভেনেজুয়েলায় খেলছিল, তখন সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায় নেইমারকে। দল মাঠে থাকলেও তিনি পোকার টেবিলে থাকায় সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়েন।

পরে অবশ্য সান্তোসের কোচ কুকা বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি জানান, ইনজুরি থেকে ফেরার পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘ সফর থেকে নেইমারকে বিরতি দেওয়া হয়েছিল। ক্লাবের নির্ধারিত অনুশীলন শেষ করার পর নিজের ছুটির দিনেই তিনি পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার। তিনি জানান, অনুশীলনের দায়িত্ব পালন করার পর ছুটির দিনেই পোকার খেলতে গিয়েছিলেন এবং সমালোচকদের নিজের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।

শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে সান্তোস। তবে ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে হার এড়ান নেইমার। তার জোড়া গোলেই ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

তবে ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় সতর্কবার্তা পান তিনি। চলতি মৌসুমে এটি তার তৃতীয় হলুদ কার্ড হওয়ায় সিরি ‘আ’-তে সান্তোসের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার।

Scroll to Top