চিলিতে পা রাখতেই ভোজিনহাকে ঘিরে উন্মাদনা, বিমানবন্দরে হাজারো সমর্থক

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন অধ্যায় শুরু করতে চিলিতে পৌঁছেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। তার আগমন ঘিরে সান্তিয়াগো বিমানবন্দরে তৈরি হয় উৎসবের আবহ। প্রিয় তারকাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন কলো কলো ক্লাবের হাজারো সমর্থক।

বিমানবন্দরে জার্সি, উপহার ও করতালিতে ভোজিনহাকে বরণ করে নেন ভক্তরা। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে এক নজর দেখতে এবং অটোগ্রাফ নিতে সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা ভোজিনহা মাদ্রিদ হয়ে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছান। বিমানবন্দরে ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক তার নাম ধরে স্লোগান দেন। তার আগমনের ছবি প্রকাশের মধ্য দিয়ে দলবদল নিয়ে চলা সব জল্পনারও অবসান ঘটে।

এর আগে ভোজিনহার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছিল। মরক্কোর ক্লাব রেনেসাঁ দে বারকানের আগ্রহের খবরও সামনে এসেছিল। তবে শেষ পর্যন্ত কলো কলোর সঙ্গে চুক্তি করেই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

ভোজিনহার চিলি যাত্রা অবশ্য সহজ ছিল না। প্রথমে মঙ্গলবার, পরে বুধবার এবং শেষ পর্যন্ত বৃহস্পতিবার তার আগমনের সময় নির্ধারণ করা হয়। কলো কলোর প্রধান নির্বাহী জাইমে পিসারো জানান, ব্যক্তিগত কারণ এবং কেপ ভার্দে ও লিসবনে কিছু প্রশাসনিক কাজের কারণে এই বিলম্ব হয়।

আগমনের সময় নিয়ে অনিশ্চয়তা থাকায় সমর্থকদের মধ্যে বাড়তে থাকে অপেক্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আপডেট অনুসরণ করছিলেন তারা। পরে ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া পরিচালক ড্যানিয়েল মোরনের সঙ্গে ভোজিনহার ছবি প্রকাশ করা হলে স্বস্তি ফিরে আসে ভক্তদের মধ্যে।

চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভোজিনহা। এবার চিলিয়ান জায়ান্ট কলো কলোতে যোগ দিয়ে কোচ ফার্নান্দো অর্টিজের অধীনে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সই বড় ভূমিকা রেখেছে এই দলবদলে। টুর্নামেন্টে ১৮টি সেভ, দুটি ক্লিন শিট এবং স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি সেরা একাদশে জায়গা করে নেন। পাশাপাশি ৩৮.৬ শতাংশ ভোট পেয়ে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারও জেতেন তিনি।

কলো কলোর পক্ষ থেকে ২৪ জুলাই ভোজিনহার যোগদানের ঘোষণা দেওয়া হয়। তবে নতুন ক্লাব নিয়ে এখনো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করেননি এই অভিজ্ঞ গোলরক্ষক।

Scroll to Top