মৌসুমের শুরুতেই দীর্ঘ আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের ক্লাবের বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো। তার মতে, প্রায় তিন সপ্তাহের এই বিরতি বিশেষ করে জাতীয় দলে ডাক পেলেও নিয়মিত খেলার সুযোগ না পাওয়া ফুটবলারদের জন্য পরিস্থিতি জটিল করে তুলতে পারে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচের কারণে ক্লাব ফুটবলে দীর্ঘ বিরতি থাকবে। এই সময়ে চারটি ম্যাচের সূচি রয়েছে। এমন দীর্ঘ বিরতি দলের প্রস্তুতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন মরিনিয়ো।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচগুলো আমাকে ভাবায়। এটা দীর্ঘ বিরতি। যারা জাতীয় দলের হয়ে খেলবে, তাদের নিয়ে আমি ততটা উদ্বিগ্ন নই। কিন্তু যারা দলে ডাক পাবে, অথচ খেলার সুযোগ পাবে না, তাদের নিয়ে বেশি উদ্বিগ্ন।’
ভিনিসিউস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের যেসব খেলোয়াড় ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারেন, তাদের নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন মরিনিয়ো। কারণ ব্রাজিল দলের দায়িত্বে রয়েছেন কার্লো আনচেলত্তি, যার ওপর তার আস্থা রয়েছে।
মরিনিয়ো বলেন, ‘কার্লোর সঙ্গে কোনো সমস্যা নেই। অন্যরা, যাদের সঙ্গে আমাদের এই পর্যায়ের আস্থা নেই, সেখানে তিন সপ্তাহের জন্য খেলোয়াড়দের পাঠানো খুবই জটিল হবে।’
তবে জাতীয় দলের কোচদের পেশাদারিত্বের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন রিয়াল কোচ। একই সঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে খেলোয়াড়দের চোটে পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেছেন তিনি।
মরিনিয়ো বলেন,‘আমরা সেই সব কোচদের পেশাদারিত্বের ওপর আস্থা রাখব। আমি এটাকে নাটকীয় করতে চাই না, তবে অনেক সময়ই জাতীয় দলে খেলার সময় খেলোয়াড়রা চোট পায়। কয়েক সপ্তাহ ধরে যে কাজ করছিল, সেটা থেকে সরে যায় এবং চোটে ছিটকে যায়। কিন্তু এটা এমনই, এখানে আমাদের কিছু করার নেই।’







