সারাদেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ২৭৪টি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা নথিভুক্ত করা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পরিসংখ্যান অনুযায়ী, এসব ঘটনার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ৫টি। এছাড়া প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ৮৯টি, অবৈধ অস্ত্রের ব্যবহার দেখা গেছে ৩টি এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা রয়েছে ৯টি।প্রচারণা কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ এসেছে ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ১টি। অন্যান্য ধরনের সহিংসতার সংখ্যা ৭০টি বলে জানানো হয়েছে।
প্রেস উইংয়ের তথ্যে আরও উল্লেখ করা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মোট ৫৩০টি সহিংসতার ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩১৫ জন আহত হন। একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ২২ জন এবং আহত হন ৭৮০ জন।এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ৪৬০ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।







